রংপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মো. আবু সাইম ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিসিএসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে প্রভাত ফেরির মাধ্যমে পুনরায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি,আধাসরকারি,শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো।এসময় শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় শিশু থেকে শুরু করে বৃদ্ধরা এসেছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে।
পরেই পাবলিক লাইব্রেরী মাঠে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে গানে গানে ভাষা শহীদদের সম্মান জানানো হয়।
মন্তব্য করুন