একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে কোনো ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, কোনো ধরনের ঝুঁকি বা জঙ্গি হামলার আশঙ্কা নেই।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, “নিরাপত্তা ব্যবস্থা তিন থেকে চার স্তরে নেওয়া হয়েছে। আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পুলিশ সদস্য ও অফিসাররা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত আমাদের ফোর্স ও অফিসাররা নিরাপত্তা নিশ্চিত করবেন।”
তিনি আরও বলেন, “বর্তমানে নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। মেটাল ডিটেক্টর ও ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যাতে দাহ্য পদার্থ বা বিস্ফোরক জাতীয় কিছু বহন করতে না পারে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারের আশেপাশে মোবাইল টিমও নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রোগ্রাম করা হয়েছে।”
র্যাবের সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানামতে, র্যাবের সদস্যরা পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরাও একসঙ্গে কাজ করবেন।”
জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, “এবার কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। শীর্ষ সন্ত্রাসীদের আগ্রহ অন্য ক্ষেত্রে, যেমন চাঁদা আদায় বা টোল সংগ্রহ। তারা এই ধরনের অনুষ্ঠানে আগ্রহী নয়।”
পুলিশের অভ্যন্তরীণ অবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এক-দুইটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা সবাই মিলে চমৎকারভাবে কাজ করছি।”
মন্তব্য করুন