আরসিটিভি ডেস্ক 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারী বর্ষণে পাহাড়ধসে দশ মাস বয়সী আশরাফুল ইসলাম তানভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দেয়াল চাপা পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম তানভীর জঙ্গল সলিমপুর এলাকার ৬ নং সমাজের মো. মহিন উদ্দীনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে জঙ্গল সলিমপুরে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এই সময় ঘরের ভিতরে অবস্থান করছিলেন শিশু আশরাফুল ইসলাম তানভীর ও তার মা। পাহাড় ধ্বসের মাটি ঘরের ওপরে পড়াতে গাছের খুঁটি শিশুর মাথায় গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এই ঘটনা আহত হয়েছে শিশুটির মা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। উল্লেখ্য, বর্ষা মৌসুমে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে প্রায়ই পাহাড়ধসের ঘটনা ঘটে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বসতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ফলে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি পাহাড় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) উত্তর কুমার রাজবংশী জানান, সকালে পাহাড়ের পাদদেশে বসতঘরে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির দাফন সম্পন্ন করে।
মন্তব্য করুন