পরীক্ষামূলক
LIVE TV

হলি আর্টিজানে নৃশংস হামলার ১০ বছর আজ

আজ ১ জুলাই। রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো।

২০১৬ সালের এই রাতে নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির জঙ্গিরা হলি আর্টিজানে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। নির্মমভাবে হত্যা করা হয় ২০ জন জিম্মিকে। এছাড়া অভিযানের শুরুতে নিহত হন পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ও রবিউল ইসলাম।

পরদিন ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিমান বাহিনী, নৌ বাহিনী, পুলিশ, র‍্যাব ও সোয়াটের যৌথ অভিযানে পরিচালিত হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয় এবং জিম্মি সংকটের অবসান ঘটে।

এদিকে হামলার বিচার প্রক্রিয়ার দুই ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। বিচারিক আদালতে সাতজনের মৃত্যুদণ্ড হলেও ২০২৩ সালে হাইকোর্ট সেই সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেন। বর্তমানে মামলাটি আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রপক্ষ বলছে, বহু বিদেশি নাগরিক নিহত হওয়ায় এই মামলার বিচার শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলার এক দশক পরও নিহতদের স্মরণ এবং জঙ্গিবাদ প্রতিরোধের অঙ্গীকারই আজকের দিনের প্রধান বার্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন