রংপুরে বিশ্ব বেতার দিবস, ২০২৫ পালন
‘বেতার এবং জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস, ২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের স্টুডিওতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আব্দুর রহিম।
সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বাংলাদেশ বেতার সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের সমৃদ্ধির অগ্রযাত্রায় বেতার জনসচেতনতামূলক সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে জনবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ বেতার এখন নিউ মিডিয়ায় প্রবেশ করেছে। এর ফলে বেতারের কার্যক্রম মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও মানুষ সরাসরি উপভোগ করতে পারছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের প্রকৌশল বিভাগের আঞ্চলিক প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান, অনুষ্ঠান বিভাগের উপ আঞ্চলিক পরিচালক এএইচএম শরিফ এবং বার্তা বিভাগের সহকারী বার্তা নিয়ন্ত্রক মো. বিপ্লব নাজির প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্র থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট, ইনডোর ও আউটডোর গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশ্ব বেতার দিবসের এই আয়োজনের মাধ্যমে বেতারের ভূমিকা ও গুরুত্বকে আরও ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে বলে জানান আয়োজকরা।
মন্তব্য করুন