লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।
১৪ জুন রবিবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী (থানা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট) এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহলদল।
বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টহল দল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত সিরাপের সিজার মূল্য ৩২,৮০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন