গাইবান্ধা প্রতিনিধি 

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখা।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও শুভসংঘের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার উচ্চারিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি ছিলেন ছিলেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি।
প্রধান অতিথি বলেন, ‘আজকের রোপণ করা গাছই হবে আগামী দিনের নিরাপদ পৃথিবীর ভিত্তি। পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকহারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের পরিচর্যার দায়িত্বও নিতে হবে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশ রক্ষার আন্দোলনে একটি ইতিবাচক পদক্ষেপ।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষিকা ও বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার ফেরদৌসী আক্তার সাথী বলেন, ‘প্রকৃতি আমাদের অকৃত্রিম বন্ধু। অথচ নানা কারণে প্রতিনিয়ত সবুজ হারিয়ে যাচ্ছে। পরিবেশকে রক্ষা করতে হলে প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে তারা নতুন করে সচেতন হয়েছেন। তারা নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় আরও বেশি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তামশীদ ইরাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাজেদুর রহমান সাজু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মী, বসুন্ধরা শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার শুভসংঘের, হুমায়ুন আহমেদ বিপ্লব, আতিক হাসান জীবন, আজমাইন মাহাতাব মিলন, , রিমি আক্তার, জেরিন আক্তার, হোসাইন আহমেদ বিলাসসহ শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
মন্তব্য করুন