ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘ময়না’, বড় পর্দায় অভিষেক রাজ রিপার
ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ‘ময়না’। এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে নবাগত নায়িকা রাজ রিপার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চার জন নায়ক—আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।
নায়িকা রাজ রিপা তার অভিষেক সিনেমা নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুবই খুশি। ভালোবাসা দিবস একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে দর্শকদের জন্য ‘ময়না’ একটি বিশেষ উপহার হবে, এমনটাই আমি আশা করি। সবাইকে অনুরোধ করব, আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”
অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা, বাগেরহাট থেকে ঢাকায় আসেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে পড়েন তিনি। এরপর ‘মুক্তি’ নামের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। তবে ‘মুক্তি’ মুক্তি পাওয়ার আগেই ‘ময়না’ মুক্তি পাচ্ছে।
‘ময়না’ সিনেমাটির পরিচালক মঞ্জুরুল ইসলাম মেঘ। এটি একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা, যেখানে রাজ রিপা নাম ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
সিনেমাটিতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। রাজ রিপা ছাড়াও এতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা ও তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন এবং শিশুশিল্পী জান্নাতুল ভোর।
ভালোবাসা দিবসের বিশেষ দিনে মুক্তি পাওয়া ‘ময়না’ সিনেমাটি দর্শকদের কাছে কীভাবে গ্রহণযোগ্যতা পায়, তা এখন দেখার অপেক্ষা।
মন্তব্য করুন