মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৫৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর রোকেয়া গেইট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
পরে উপস্থিত লোকজনের সামনে আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে মিষ্টির প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো একটি নীল রঙের জিপারযুক্ত বায়ুরোধক ব্যাগে সংরক্ষিত ছিল।
আটক ব্যক্তি হলেন, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা মো. তবিবুর রহমান ওরফে আকুল (৪৯)। তিনি মৃত এমাজ উদ্দীনের ছেলে।
রংপুর জেলা ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন