দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অটো রাইস মিলগুলোর কারণে ভয়াবহ পরিবেশ দূষণের অভিযোগ তুলে ২১ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর- ই -আলম সিদ্দিকী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিকবৃন্দ ও “দিনাজপুর পরিবেশ আন্দোলন” নামে একটি সংগঠন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন স্থানে স্থাপিত অটো রাইস মিলগুলোর চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া, পোড়া ছাই, ধানের তুষের উড়ন্ত কণা, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে স্থানীয় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও কৃষিজমির আশপাশে থাকা মিলগুলোর কারণে সাধারণ মানুষ নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছে।
এতে আরও বলা হয়, দূষণের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, এলার্জি, চোখ জ্বালা-পোড়া ও ত্বকের রোগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে কৃষিজমি, ফসল ও পানির উৎস দূষিত হওয়ায় দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অধিকাংশ অটো রাইস মিলে কার্যকর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এছাড়া পরিবেশগত ছাড়পত্র, অগ্নি নিরাপত্তা ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও ব্যাপক অনিয়ম ও অবহেলা লক্ষ্য করা যাচ্ছে।
এ অবস্থায় জেলা প্রশাসকের নিকট ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- পরিবেশ আইন অমান্যকারী মিলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রতিটি মিলে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাধ্যতামূলক করা, নিয়মিত মনিটরিং টিম গঠন, আবাসিক এলাকার নিকটবর্তী দূষণকারী মিল স্থানান্তর, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও পরিবেশের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ আন্দোলনের সংগঠক মোস্তফা আইয়াজ, রেজাউল ইসলামসহ দিনাজপুরের সচেতন নাগরিক ও ভুক্তভোগী এলাকাবাসী।
তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দিনাজপুরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন