দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা গেছে,১৮ মে সোমবার রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মানিকপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ভাঙা অংশবিশিষ্ট একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত প্রত্নবস্তুটি কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে এটিকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ১৯৬৮ সালের ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এ ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত। উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা হলেও এর প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম।
উদ্ধারকৃত মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
মন্তব্য করুন