আরসিটিভি ডেস্ক 

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) অভাবে দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকালে পুনরায় চালু হয়েছে দেশের একমাত্র তেল পরিশোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’।
সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে গত বুধবার (৬ মে) চীনা জাহাজ ‘নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এরপর লাইটার জাহাজের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে তেল খালাস শুরু হয়। রিফাইনারিতে প্রয়োজনীয় পরিমাণ (প্রায় ১৬ হাজার টন) ক্রুড অয়েল পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে পুরোদমে পরিশোধন কাজ শুরু হয়।
বর্তমানে দৈনিক ৪০০০ থেকে ৪৫০০ টন তেল পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগে থেকে সব প্রস্তুতি নেওয়া ছিল। পর্যাপ্ত ক্রুড এসে পৌছানোর পর সকাল ৮টা ২০ মিনিটে পরিশোধন কার্যক্রম চালু করা হয়।’
তিনি আরও জানান, ‘পূর্ণ সক্ষমতায় তেল পরিশোধন শেষে শনিবার থেকেই প্রয়োজন অনুসারে পরিশোধিত জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুডবাহী জাহাজগুলো সৌদি আরবের বন্দরে আটকে পড়ে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়। ফলে প্রায় আড়াই মাস কোনো ক্রুড অয়েল না আসায় গত ১৫ এপ্রিল মাসে ১.৫ লাখ টন পরিশোধন ক্ষমতার এই পরিশোধনাগারটি বন্ধ হয়ে গিয়েছিল।
পরবর্তীতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে রওনা দেয় জাহাজটি এবং ৬ মে দুপুরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
মন্তব্য করুন