লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শূন্যরেখা সীমান্তের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নিয়ন্ত্রণে উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে।
সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার ৮ এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বসাকপাড়া অংশের বিপরীতে বাংলাদেশের বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত অবস্থিত। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড্ডয়ন করে ভিডিও ধারণ করছিল।
একপর্যায়ে ভোঁ-ভোঁ শব্দ করে ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ১৫–২০ গজ ভেতরে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। এ সময় আশপাশে অবস্থান নেয় বিএসএফ সদস্যরা। ঘটনাটি দেখে খেতে কাজ করা স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা বুড়িমারী বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সহায়তায়
ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিএসএফের একটি ড্রোন স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট ইতোমধ্যে বুড়িমারী বিজিবি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। ড্রোনটি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে এবং ঊর্ধ্বতন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন