নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াতে চায় না : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চায় না। তাদের লক্ষ্য নিরপেক্ষতা বজায় রাখা। তিনি বলেন, “ইলেকশন কমিশনকে কেউ কিছু বললে আমার গায়ে তীরের মতো লাগে।” রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “সব জায়গায় মতপার্থক্য থাকবেই। ভিন্নমত মানেই বিপক্ষে থাকা নয়। একই বিষয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক। এটা সহজ হিসাব। তবে এই বিষয়টি অনেকে মেনে নিতে পারে না। আমার ক্ষেত্রে, আমাকে নিয়ে সমালোচনা করলে আমি ধরে নিই যে কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে সংশোধন করার চেষ্টা করি।”
সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে সিইসি বলেন, “নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অসুবিধা আসবেই, সেগুলো মোকাবিলা করতে হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, “সবাই তালি বাজাতে বাজাতে দেশের অবস্থা নিয়ে আনন্দ প্রকাশ করেছে। কিন্তু এখন তালি বাজানো ভুলে যেতে হবে। সবকিছু বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন কিছু বললেই তালি বাজানো যাবে না। আমাদের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সবার সহযোগিতা পেলে আমরা জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারব। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমরা তা সঠিকভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মন্তব্য করুন