১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ আটক ৩
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় হিরোইন, ইয়াবা ও ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছে। এর প্রেক্ষিতে ১১ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৯টা ১৫ মিনিটে কাশিপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে মোঃ হৃদয় বাবু (২৫) ও মোঃ ফেরদৌস বাবু (২৫) কে আটক করে। তাদের কাছ থেকে ৪ গ্রাম ভারতীয় হিরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হৃদয় বাবুর বাড়ি নাগেশ্বরী উপজেলার ব্যাপারী টারী গ্রামে এবং ফেরদৌস বাবুর বাড়ি একই উপজেলার হাসেম বাজার এলাকায় বলে জানা গেছে।
এছাড়া, এর আগের দিন ১০ এপ্রিল বিকেল ৪টায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন পশ্চিম ফুলমতি এলাকায় পৃথক আরেকটি অভিযানে আলমগীর হোসেন (৩৪) নামের একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সবসময় সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন