আরসিটিভি ডেস্ক 

বিয়ের উপহার হিসেবে সাধারণত শোপিস, আসবাবপত্র বা দামি পোশাকেরই চল বেশি। তবে মৌলভীবাজারের জুড়ীতে সব প্রচলিত ধারণা ভেঙে বন্ধুর বিয়েতে এক অভিনব উপহার দিয়ে চমকে দিয়েছেন এক যুবক।
জ্বালানি তেলের সংকটের এই সময়ে বন্ধুর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন দুই লিটার অকটেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। দুবাই প্রবাসী খলিফা আল মারুফের বিয়েতে এই অকটেন উপহার দেন তার ঘনিষ্ঠ বন্ধু সোহান চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটে সাধারণ মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বিষয়টিকে মাথায় রেখে এবং বন্ধুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বাস্তবধর্মী কিছু দেওয়ার চিন্তা করেন প্রবাসী সোহান চৌধুরী। বিয়ে বাড়িতে যখন সুসজ্জিত প্যাকেটে এই উপহারটি আনা হয়, তখন উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এ বিষয়ে উপহারদাতা সোহান চৌধুরী বলেন, বন্ধুর বিয়েতে স্মরণীয় কিছু দিতে চেয়েছিলাম। বর্তমান সময়ে জ্বালানি তেলের যে সংকট চলছে, তাতে এটি একটি প্রয়োজনীয় জিনিস। মূলত বন্ধুর উপকার হবে এবং স্মৃতি হিসেবে থেকে যাবে— এই চিন্তা থেকেই অকটেন উপহার দিয়েছি।
এলাকাবাসী বলছেন, এমন সৃজনশীল ও সময়োপযোগী উপহার আগে কখনও দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার ছবি ও ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন