পরীক্ষামূলক
LIVE TV

নাটোরে গোপনে ২,৬০০ লিটার তেল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মেশিন নষ্টের অজুহাত দেখিয়ে তেল সরবরাহ বন্ধ রেখে গোপনে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে অবস্থিত পাটোয়ারী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, গত ৬ এপ্রিল থেকে মেশিন নষ্টের অজুহাতে পাম্পটি তেল বিক্রি বন্ধ রাখে। তবে রাতের আঁধারে মজুত তেল গোপনে অন্যত্র বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ৬ এপ্রিল মেশিন নষ্ট হওয়ার সময় পাম্পটিতে প্রায় ৩,৭০০ লিটার তেল মজুত ছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও প্রশাসনকে না জানিয়ে গোপনে ২,৬০০ লিটার তেল বিক্রি করে দেয়।

এ বিষয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন