নাটোর প্রতিনিধি 

নাটোরের লালপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় ইয়ামিন (১১) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী-বাঘা সড়কের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন লালপুর উপজেলার গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিফিনের সময় ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী আইসক্রিম কেনার উদ্দেশ্যে গৌরীপুর মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় তারা রাস্তা পারাপারের চেষ্টা করলে ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক ইয়ামিনকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিনের মৃত্যু হয়েছে।
গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকতিয়ারুল ইসলাম বলেন, রমজান মাসে ছুটি থাকায় শিক্ষার ঘাটতি পূরণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু করা হয়। টিফিনের সময় শিক্ষার্থীরা বাইরে বের হলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন