স্পোর্টস ডেস্ক 

আর বাকি ৬৮টি দিন। বিশ্বকাপের জ্বরে কাঁপতে প্রস্তুত বিশ্ব। সমর্থক, বিশ্লেষক আর ফুটবলবোদ্ধারা এরমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে তর্ক-বিতর্ক-আলোচনায়। ৪৮ দলের প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে কে? শক্তিমত্তা, পরিসংখ্যান কিংবা অতীত ইতিহাস বিবেচনায় কাকে এগিয়ে রাখা যায়?
সুপারকম্পিউটার দিয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম জানিয়ে দিল জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক ব্রিটিশ বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা’। প্রযুক্তির হিসাব বলছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে এগিয়ে থাকবে স্পেন।
মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে ফিফা র্যাঙ্কিংয়ে কদিন আগেই ফ্রান্সের কাছে রাজত্ব হারায় স্পেন। তবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে স্পেনকেই ফেবারিট বলছে ‘অপটা’। একবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ।
স্পেনের পরই আছে ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপের পর র্যাঙ্কিংয়ে এক নম্বর উঠে এসেছে কিলিয়ান এমবাপেরা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা জেতার সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। তাতে বিশ্বকাপে তাদের পারফরম্যান্সটা হবে এমন—চ্যাম্পিয়ন-রানার্স আপ-চ্যাম্পিয়ন।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার দৌড়ে শীর্ষে নেই। ফ্রান্সের পর রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা—দুই দলেরই সম্ভাবনা ১০ শতাংশের বেশি। শিরোপা জেতার দৌড়ে শীর্ষ পাঁচে রাখা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে। ইতিহাসে একবারও এই ট্রফির স্বাদ না পাওয়া দলটির প্রথম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২ শতাংশ। ব্রাজিল ও জার্মানি তালিকার ছয় ও সাত নম্বরে অবস্থান করছে।
এবারের আসরে নতুন নিয়ম অনুযায়ী গ্রুপপর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকেও সেরা আটটি দল শেষ ষোলোতে জায়গা পাবে। ফলে বড় কোনো দলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া কঠিনই। তবুও তৃতীয় হয়ে পরের রাউন্ডে ওঠার লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি।
অপ্টার ভবিষ্যদ্বাণীঅনুযায়ী, তৃতীয় স্থান থেকে শেষ ষোলোতে উঠতে পারে দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আইভরি কোস্ট, সুইডেন, ঘানা ও কাতার।
১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১০৪ ম্যাচের মহাযজ্ঞ।
মন্তব্য করুন