পরীক্ষামূলক
LIVE TV

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

এবার ঈদে মুক্তি পাওয়া চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমাটি এবার সিংগেল স্ক্রিন অর্থাৎ দেশের একক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে। শুক্রবার থেকে প্রথম ধাপে ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলী ও সৈনিক ক্লাবসহ সারা দেশের ৩০টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।

জানা গেছে, পাইরেসি রোধে প্রথম দুই সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে দেখানো হয় ‘রাক্ষস’। তবে দর্শকদের ব্যাপক চাহিদার কারণে এবার সিংগেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শাহরীন আক্তার সুমি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, পরবর্তী সপ্তাহে সিনেমাটি শতাধিক প্রেক্ষাগৃহে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল জানান, ঈদের প্রথম দুই সপ্তাহ শাকিব খানের ‘প্রিন্স’ প্রদর্শনের পর এবার তারা বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘রাক্ষস’ চালাতে আগ্রহী। সিনেমাটি সিংগেল স্ক্রিনের দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ মূলত একটি অ্যাকশন ও সহিংসতায় ভরপুর পাগলাটে প্রেমের গল্প। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ ও সোহেল মণ্ডল। সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন