আরসিটিভি ডেস্ক 

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত শিশুটির নাম মাসুদা খাতুন (আড়াই বছর)। সে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর রহমানের মেয়ে।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, সকালে শিশুটি প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসে। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পান। তিনি বলেন, হাসপাতালে ভর্তির আগেই শিশুটি মারা গেছে। এটি হামের কারণে মৃত্যু নাকি অন্য কোনো জটিলতা ছিলো, তা নমুনা পরীক্ষা ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। মৃত সাত জনের মধ্যে পাঁচ জন জেলা হাসপাতালে এবং দুইজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন। বর্তমানে হাসপাতালে ৪৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
আক্রান্তের সংখ্যা বাড়লেও গত দুই দিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুস সামাদ বলেন, গত দুদিন ধরে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমছে। একই সঙ্গে সুস্থতার হারও বাড়ছে। আশা করা যাচ্ছে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
চিকিৎসকরা শিশুদের জ্বর বা শরীরে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য করুন