পরীক্ষামূলক
LIVE TV

হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা নড়বড়ে হয়ে পড়েছে। এর প্রভাবে সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক সার্জেন্টদের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) এলাকায় কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই বা অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা আমার নজরে এসেছে। আমাদের লোকবল সীমিত। অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এসব ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেন না। এ কারণে তাদের ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরে গত রাতের হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে অবস্থান করে রিপোর্ট নিয়েছি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন