পরীক্ষামূলক
LIVE TV

র‍্যাবের অভিযানে হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজনকে ঢাকার মিরপুর এলাকা থেকে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ আবুল কাশেম (৭৩) এবং গ্রেফতারকৃত আসামিরা একই এলাকার পাড়া-প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা দলবদ্ধ হয়ে লাঠি, লোহার রড ও ছোরা নিয়ে বাদীর স্ত্রীর পথরোধ করে শ্লীলতাহানি ও মারধর করে।

পরবর্তীতে তাকে রক্ষার জন্য এগিয়ে এলে বাদীর পুত্র নুরুজ্জামান (৩১)-কেও নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-৪, সিপিসি-১, মিরপুর এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার মিরপুর থানাধীন ঈদগাহ মাঠ ক্রসিং এলাকায় অভিযান চালায়।

অভিযানে হত্যা মামলার ১নং ও ৫নং এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) ও মোঃ মোছন মিয়া (৫০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন