ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ নজরুলকে নিয়োগ দেওয়া হলো। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যতদিন এই পদ অধিষ্ঠিত থাকবেন অথবা মীর্জা সালমান আরশাদ নজরুলকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ঠিক ততদিন পর্যন্ত এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
মীর্জা নজরুলের পিতার নাম মীর্জা আব্দুল জব্বার এবং মাতার নাম জাহানারা বেগম। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কৃতিসন্তান।
সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় থেকে স্নাতক পাশ করে ঢাকা ক্যাপিটাল কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন মীর্জা নজরুল। রাজনীতির পাশাপাশি খেলাধুলাতে সময় দিয়েছেন তিনি। সদা হাস্যোজ্জ্বল নজরুল মীর্জা নজরুল জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সফল আহ্বায়ক ছিলেন। সামাজিক কাজ, মাদকবিরোধী অভিযান এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি সফল একজন সংগঠক বলে মনে করছেন এলাকাবাসী।
এবিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মীর্জা নজরুল বলেন, আলহামদুলিল্লাহ্। আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের প্রতি। আমার মতো একজন নগণ্য জাতীয়তাবাদী কর্মীর প্রতি তিনি যে আস্থা রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার প্রতি
অর্পিত সকল দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করতে পারি।
এদিকে, এলাকার কৃতি সন্তান মীর্জা নজরুলের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবর নিজ এলাকা দুর্গাপুরে পৌঁছালে স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। দুর্গাপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, একজন শিক্ষিত, মার্জিত ও সৎ মানুষ হিসেবে মীর্জা নজরুল তার পুরস্কার পেয়েছেন। আমরা মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি, নজরুল তার নতুন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এলাকার মুখ উজ্জ্বল করবেন।
মন্তব্য করুন