লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পৃথক দুইটি অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায়, ২৯ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে বুড়িরহাট বিওপির আওতাধীন তেতুলতলা এলাকা (থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট) এবং ২৮ মার্চ রাত ১১টায় বাগভান্ডার বিওপির আওতাধীন কুটিপাড়া এলাকা (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) — এই দুই স্থানে পৃথক অভিযান চালায় বিজিবির টহল দল।
অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৯৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় বিজিবির এ সফল অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন