বীরগঞ্জে হেলমেট ও কাগজপত্র না থাকায় ১৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার জননী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১৬ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সর্বমোট ১২ হাজার টাকা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন।
এ সময় বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় এবং হেলমেট ছাড়া চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল মোটরসাইকেল চালককে আইন মেনে চলা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মন্তব্য করুন