ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, ডাচ-বাংলা ব্যাংক এজেন্টকে ১ লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেরাডাঙ্গী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক এজেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
জানা যায়, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর অভিযুক্ত এজেন্ট মোঃ ওমর ফারুক দিপু সাধারণ মানুষের কাছে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোটার আইডি কার্ডের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার কথা বলে জনপ্রতি টাকা আদায় করছিলেন।
এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন