মেডিকেলে কোটাধারীদের ভর্তি কার্যক্রম স্থগিত: সিদ্ধান্ত আসবে পরবর্তী সভায়
২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটাধারীদের উত্তীর্ণ হওয়া নিয়ে সমালোচনা ওঠায় আপাতত সব কোটাধারীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে কোটাধারী শিক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত তালিকা প্রকাশিত হলেও তাদের সনদ ও প্রয়োজনীয় প্রমাণ যাচাই-বাছাই চলমান রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কোটাধারীদের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন জানান, কোটায় ভর্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় নেওয়া হবে। সিদ্ধান্ত হলে তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়ে দেবে। আপাতত মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকার ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম ২-৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে।
এর আগে, ৩০ জানুয়ারি উপদেষ্টা পরিষদের এক সভায় মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে ভর্তি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে উপদেষ্টা পরিষদের আগামী সভায়।
মন্তব্য করুন