স্পোর্টস ডেস্ক 

আজ (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালে এই দিনে রাস্তায় প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। আজ সবার কণ্ঠে রয়েছে সেই কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’
মহান এই দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন দেশের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’
সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা একই ভাষায় লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’
তারকা পেসার তাসকিন আহমেদ জানান, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’ একইভাবে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন শরিফুল ইসলাম ও রুবেল হোসেনরা।
মন্তব্য করুন