ইতিহাসে নাটকীয় ড্র, শেষ মুহূর্তে গোল হজম ম্যানচেস্টার সিটির
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শেষ মূহুর্তে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।
রোববার (৪ জানুয়ারি) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য দেয় পেপ গার্দিওলার শিষ্যরা।
চেলসির ডাগআউটে এদিন হেড কোচ এনজো মারেস্কাকে দেখা যায়নি। টানা ব্যর্থতার কারণে নিজের পদ হারান এই ইতালিয়ান কোচ। মাঠের খেলায়ও ফুটে উঠছিল তার প্রভাব।
ম্যাচের শুরু থেকেই চেলসিকে চাপে রেখে আক্রমণ শাণাতে থাকে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৪২ মিনিটে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ডেডলক ভাঙেন তিজানি রেইন্ডার্স। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও অতিথিদের রক্ষণের পরীক্ষা নিতে থাকে ম্যানসিটি। চেলসির হতাশাময় যাত্রায় যখন আরও একটি হার চোখ রাঙাচ্ছিল, তখন দৃশ্যপট পাল্টে দেন এনজো ফার্নান্দেজ। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে এই আর্জেন্টাইনের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজ।
২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিটি। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে চেলসি।
মন্তব্য করুন