পরীক্ষামূলক
LIVE TV

চেকআপ স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেশের উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কনকনে ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ, শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। শীতের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শীতজনিত নানা রোগের প্রকোপও বেড়েছে।

এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে চেকআপ স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে হাসপাতাল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে হাসপাতালের নিম্নআয়ের কর্মচারী, দরিদ্র রোগী ও স্থানীয় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাহবুব মোর্শেদ তমাল, স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ইশরাত শারমীন, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শিলাদিত্য শীল, সহযোগী অধ্যাপক ডা. দ্বিজেন চন্দ্র বর্মন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. ফজলে এলাহী, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. সমীরণ কুণ্ডু, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. মনিরা বেগমসহ চেকআপ স্পেশালাইজড হাসপাতালের শেয়ারহোল্ডার প্রমথেশ শীল, চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান, পিএস টু চেয়ারম্যান অ্যান্ড এমডি সাইফুর রহমান টুটুল ও অ্যাডমিন অফিসার শাওন হাজারিকা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শিলাদিত্য শীল বলেন, শীতকালে সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান ও নিয়মিত ঘুম অত্যন্ত জরুরি। ভিটামিন ডি উৎপাদনের জন্য প্রতিদিন কিছু সময় সূর্যের আলো শরীরে লাগানো দরকার। এতে সর্দি-কাশি ও ফ্লু’র মতো সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তিনি এ সময় হৃদরোগীদের শীতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

চেকআপ স্পেশালাইজড হাসপাতালের এই উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে উপকারভোগীরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন