সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গুজব
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন—এমন একটি গুজব ছড়িয়ে পড়লেও ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্থানীয় কিছু অনির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে গুজব ছড়ায় যে, দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
খবর পাওয়ার পর বিষয়টির সত্যতা যাচাইয়ে ১৫ বিজিবির অধিনায়ক প্রতিপক্ষ ৭৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে দৈখাওয়া বিওপি কমান্ডার ও প্রতিপক্ষ শিষরাম ক্যাম্প কমান্ডারের সঙ্গেও কথা বলা হয়। উভয় পক্ষই সীমান্তে কোনো ধরনের প্রাণঘাতী বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনা অস্বীকার করেন।
পরবর্তীতে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আহত বলে প্রচারিত বাংলাদেশি নাগরিক মো. রনি (২২), পিতা—মো. হারুন অর রশিদ, গ্রাম—গোতামারী, থানা—হাতীবান্ধা, জেলা—লালমনিরহাট-এর বাড়িতে বিজিবির একটি দল গিয়ে তার পিতার সঙ্গে কথা বলে। এ সময় তার পিতা জানান, তার ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না।
এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি রাবার বুলেটের আঘাতে আহত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চিকিৎসার জন্য রংপুরে যেতে পারে।
মন্তব্য করুন