পরীক্ষামূলক
LIVE TV

সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও চোরাচালানি পণ্য জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গরু, জিরা, চিনি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে।

বিজিবি জানায়, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলটারী বিওপির টহলদল দুটি সমন্বিত অভিযান পরিচালনা করে। এর মধ্যে ২২ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে আদিতমারী উপজেলার কাওয়ারচর এলাকায় টহল চলাকালে ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারি গরুসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়।

অপরদিকে, ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই বিওপির আওতাধীন নামাটারী এলাকায় টহলকালে সন্দেহজনক এক ব্যক্তিকে বাইসাইকেলযোগে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে সে বাইসাইকেল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১২ কেজি ভারতীয় জিরা, ৩৮ কেজি চিনি, ১০ কেজি ফুসকা, একটি কম্বল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে দুটি ভারতীয় গরুর সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জিরা ১২ হাজার টাকা, চিনি ৪ হাজার ১৮০ টাকা, ফুসকা ২ হাজার ৫০০ টাকা, কম্বল ৮ হাজার টাকা ও বাইসাইকেল ৫ হাজার টাকা—সব মিলিয়ে মোট সিজার মূল্য ২ লাখ ৮১ হাজার ৬৮০ টাকা।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন