দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে
দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যার বাতাসে বইছে হিমেল হাওয়া, মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সকাল ৯ টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা।
বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলার মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।
জালাসী এলাকার অটোচালক মাসুম হোসেন বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে অটো চালাতে হয়। কুয়াশার কারণে সামনের রাস্তা দেখা যায় না।
মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, সকালে জরুরি কাজে বের হয়েছি, কিন্তু এই ঠান্ডায় হাত পাথরের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে গাড়ি চালাতে কষ্ট হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যেতে পারে। কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছায় না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা সৃষ্টি হয়।
মন্তব্য করুন