দিনাজপুরে ডেভিল হান্ট অপারেশনে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম গ্রেফতার
ডেভিল হান্ট অপারেশন-২ এর অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে দিনাজপুর জেলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম ওরফে জীবন (৩৯), সাবেক সিআইপি-কে গ্রেফতার করেছে।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নীলফামারী জেলার সৈয়দপুর থানার মনিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শেখ মোঃ শাহ আলম দিনাজপুর জেলার কোতয়ালী থানার কাঞ্চন কলোনী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আজিজ এবং মাতা মৃত আনোয়ারা বেগম। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা মহানগরীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ মোঃ শাহ আলম বিগত সরকারের সময়ে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রামদা হাতে ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আরও জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকলেও সম্প্রতি পালাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
শেখ মোঃ শাহ আলমের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট সাতটি জিআর মামলা এবং আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। ইতোমধ্যে তাকে মূলতবি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের পরিচয়, তাদের নাশকতামূলক পরিকল্পনা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে তথ্য উদঘাটনের লক্ষ্যে পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
মন্তব্য করুন