পরীক্ষামূলক
LIVE TV

আজ থেকে শুরু মেসির তিন দিনের ভারত সফর, যা যা করবেন

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আসছেন ভারতে। তিন দিনের এই সফরে (১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর) চার শহরে পা দিলেও মেসিকে ঘিরে গোটা দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ। ২০১১ সালের পর এই প্রথমবার ভারত সফরে আসছেন তিনি।

এই সফরে মেসি যাবেন কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি।

চূড়ান্ত সূচিতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাচ, সাক্ষাৎ ও বিশেষ সম্মাননা। সফরের শেষ দিনে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

শুধু মেসি নন, ভারতে আসছেন তার দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। বিশেষ করে মুম্বাইয়ের আয়োজনে এই দুই তারকা থাকবেন মেসির সঙ্গে।

স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবেন মেসি। এরপর সকালে ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে তার ‘মিট-অ্যান্ড-গ্রীট’ অনুষ্ঠানে মানুষের সঙ্গে দেখা করা। এরপর দুপুর ২টায় হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার আগে দেখা করবেন সৌরভ গাঙ্গুলী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

এছাড়া যুবভারতীতে থাকবে একাধিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন শাহরুখ খান।

এরমধ্যে কলকাতার লেক টাউনে নিজের ৭০ ফুট উচ্চতার এক ভাস্কর্য উন্মোচন করবেন মেসি।

মেসির ভারত সফর সূচি (স্থানীয় সময়):
১৩ ডিসেম্বর, কলকাতা

রাত ১টা ৩০ মিনিট: কলকাতা আগমন

সকাল ৯টা ৩০মিনিট–১০টা ৩০ মিনিট: অতিথিদের সঙ্গে সাক্ষাৎ

সকাল ১০টা ৩০মিনিট–১১টা ১৫ মিনিট: মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন

বেলা ১১টা ১৫ মিনিট–১১টা ২৫ মিনিট: যুবভারতীতে মেসির আগমন

দুপুর ১১টা ৩০ মিনিট: যুবভারতীতে পৌঁছাবেন শাহরুখ খান

দুপুর ১২টা: মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলীর আগমন

দুপুর ১২টা–১২টা ৩০ মিনিট: প্রীতি ম্যাচ, সম্মাননা ও মেসির সাথে আলাপ

দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশে রওনা

সন্ধ্যা ৭টা: রাজীব গান্ধী স্টেডিয়ামে মেসির সঙ্গে ম্যাচে খেলবেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। সন্ধ্যায় থাকছে কনসার্ট।

১৪ ডিসেম্বর, মুম্বাই

বিকেল ৩টা ৩০ মিনিট: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় প্যাডেল কাপ-এ অংশগ্রহণ

বিকেল ৪টা: সেলিব্রিটি ফুটবল ম্যাচ

বিকেল ৫টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো

১৫ ডিসেম্বর, নয়াদিল্লি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ

দুপুর ১টা ৩০ মিনিট: অরুণ জেটলি স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান, যেখানে সম্মাননা পাবেন মিনার্ভা একাডেমির খেলোয়াড়রা

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: বিদায় নেবেন মেসি

 

Facebook Comments Box

মন্তব্য করুন