ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা (৫১) নামের এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা করে। তিনি বীজতলার মাঠ রক্ষা করতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।
শনিবার ভোরে এর পাশের জমিতে ধানের বীজতলা করতে যান প্রবাসী হুদা। ওই সময় প্রতিবেশী রিয়াজের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ গা ঢাকা দিয়েছেন।
নিহতের শ্যালক মো.পারভেজ আলম বলেন, ‘আমার ভগ্নিপতি কাতারপ্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি দেশ আসেন। আগামী ১২ ডিসেম্বর নতুন করে তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল।
কিন্তু আকস্মিক এ ঘটনা পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে এ বিষয়টি মিটমাটের চেষ্টা চলছে।’
জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দেবে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন