পরীক্ষামূলক
LIVE TV

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে

দেশজুড়ে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করলেও হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। দিনজুড়ে রোদের দাপট থাকলেও রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে বেশ নিচে। ফলে প্রকৃতিতে তৈরি হয়েছে অদ্ভুত আচরণ- দিনে গরম, রাতে ঠান্ডা। দিনে হালকা কাপড় পরলেও, এরই মধ্যে স্থানীয়রা রাতে গরম পোশাক পরে চলাফেরা শুরু করেছেন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৬ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনভর ঝলমলে রোদ থাকলেও রাতের শুরুতেই নেমে আসছে হালকা কুয়াশা। তবে তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হলেও- সকাল থেকেই দেখা মিলছে সূর্যের।

স্থানীয়রা বলছেন, আবহাওয়ার বিরূপ প্রভাবে আগেভাগে নামছে শীত। দিনে রোদে গরম লাগে, রাতে আবার প্রচণ্ড ঠান্ডা পড়ে। সকালে কুয়াশা পড়ে। তাই রাতে গরম কাপড় পরে নিতে হয়। এতে এবার শীতের দাপট কয়েকগুণ বেশি হবে বলছেন সবাই। সকালে বাইরে মানুষের উপস্থিতি কম থাকলেও, সূর্যের দেখা পাওয়ায় বেলা বাড়ার পর বাজারগুলোতে উপস্থিতি বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শীতের শুরুতেই দেশের সর্ব উত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে শীত। ডিসেম্বরের শুরুতে পরিস্থিতি আরও বদলে যাবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন