পরীক্ষামূলক
LIVE TV

এবার মাঠে নামছে ব্রাজিল ও ফ্রান্স

আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবারের টুর্নামেন্টে। ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। শুক্রবার (২১ নভেম্বর) ফিফা উইন্ডোর এই ম্যাচগুলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল ও কলম্বিয়ার নাম ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ম্যাচ দুটি হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে, যদিও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এফএফএফের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যদিও এখনো চুক্তি হয়নি। তার ভাষায়, “মার্চে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে খেলার বিষয়টি প্রায় নিশ্চিত। বিশ্বকাপের আগে এটি দারুণ সুযোগ হবে। ইতোমধ্যে জেনেছি ব্রাজিলের সঙ্গে আমাদের গ্রুপে দেখা হবে না। তবে কলম্বিয়া পড়তে পারে।”

সাম্প্রতিক সময়েই ব্রাজিল–ফ্রান্স প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা ছিল, যদিও দুই দেশ আনুষ্ঠানিকভাবে তখন কিছু জানায়নি। আগামী মার্চ-জুনে ব্রাজিলেরও ন্যূনতম তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে জুনের শুরুতে নিজ মাঠে আরও দুটি ম্যাচ খেলবে ফ্রান্স।

ইউরোপের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে গ্রুপসেরা হয়ে ফ্রান্স নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দল ও আয়োজক তিন দেশ থাকবে ড্রয়ের প্রথম পটে, ফলে ব্রাজিল ও ফ্রান্স গ্রুপপর্বে একে অন্যের মুখোমুখি হবে না। তবে দ্বিতীয় পটে থাকা কলম্বিয়ার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন