দিনাজপুরে যাত্রীবাহী বাস–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
দিনাজপুরে নসিব পরিবহণের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহণের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন