হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্ক থাকুন, যেসব ভুলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপ চেক করা যেন অভ্যাসে পরিণত হয়েছে। ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠানোর জন্যও এটি অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়ে যেতে পারে। জেনে নিন কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে।
যে ভুলগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হতে পারে:
১. থার্ড পার্টি অ্যাপ ব্যবহার
অনেক ব্যবহারকারী অফিসিয়াল হোয়াটসঅ্যাপের পরিবর্তে থার্ড পার্টি অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিওয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহার করেন। কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই অ্যাপগুলোর ব্যবহার নিষিদ্ধ করেছে। এগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
২. কাউকে হুমকি দেওয়া বা হয়রানি করা
কাউকে হয়রানি, হুমকি বা আপত্তিকর বার্তা পাঠানো হোয়াটসঅ্যাপের নীতিমালার পরিপন্থী। যদি কেউ এমন আচরণ করে তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।
৩. অন্যের পরিচয় ব্যবহার
অন্য কারো নাম, প্রোফাইল ফটো বা পরিচয় ব্যবহার করা হোয়াটসঅ্যাপের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে। যদি কোনো সেলিব্রিটি, ব্র্যান্ড বা সংস্থার ছদ্মবেশ ধারণ করেন, তবে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
৪. অতিরিক্ত রিপোর্ট হওয়া
আপনার অ্যাকাউন্ট যদি একাধিক ব্যবহারকারী একযোগে রিপোর্ট করে, তাহলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তদন্ত করে অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারে। বিশেষত, যদি স্প্যাম বার্তা পাঠানো হয় বা কোনো ব্যবহারকারী বারবার অপ্রয়োজনীয় মেসেজ পায়, তবে এটি রিপোর্ট হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
কিভাবে সতর্ক থাকবেন:
- অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করুন।
- পরিচিতদের ছাড়া অন্য কাউকে স্প্যাম মেসেজ পাঠাবেন না।
- অন্যের নাম বা পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- আপত্তিকর বা নেতিবাচক কনটেন্ট পাঠানো এড়িয়ে চলুন।
আপনার মূল্যবান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রক্ষা করতে উপরের নির্দেশনা মেনে চলুন এবং দায়িত্বশীল ব্যবহারকারী হিসেবে থাকুন।
মন্তব্য করুন