২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে, বাদ পড়ার শঙ্কায় ইতালি
নরওয়ে অবশেষে ভাঙল ২৮ বছরের অপেক্ষা। ১৯৯৮ সালের পর প্রথমবার তারা খেলবে ফুটবল বিশ্বকাপে।
ইতালির বিপক্ষে ম্যাচটিতে নরওয়ের প্রয়োজন ছিল কেবল আনুষ্ঠানিকতা, আর ইতালির দরকার ছিল অবিশ্বাস্য নয় গোলের ব্যবধানে জয়। শুরুটা যদিও ইতালিই করে উজ্জ্বল। ১১ মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধজুড়ে আক্রমণ আর বল দখলে আধিপত্যও দেখায়, কিন্তু দ্বিতীয় গোলের দেখা পায় না। আর সেখান থেকেই ম্যাচের গতি বদলে যায়।
বিরতির পর বদলে যাওয়া নরওয়ে মাঠে নামে। ৫৩ মিনিটে আন্তোনিও নুসার সমতায় ফেরান দলকে। এরপরই জ্বলে ওঠেন হলান্ড। অস্কার ববের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে প্রথম গোল, কয়েক মিনিট পর আরেকটি অবিশ্বাস্য সহজতায়। আট ম্যাচে ১৬ গোল, অর্থাৎ তিনি একাই দলের ইতিহাস বদলে দিয়েছেন।
শেষ মুহূর্তে ইয়ার্গেন স্ট্রান্ড লারসেনের গোল নরওয়ের জয় নিশ্চিত করে ৪-১ ব্যবধানে। ইতিহাস গড়ে নরওয়ে ফিরল বিশ্বমঞ্চে ১৯৯৮ সালে যেটি খেলেছিলেন হলান্ডের বাবা, এবার সেই গৌরব লিখল তারই ছেলে। অন্যদিকে ইতালির জন্য রইল আবারও প্লে-অফের কঠিন পথ।
মন্তব্য করুন