পরীক্ষামূলক
LIVE TV

লালমনিরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায্য রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো উপস্থিতি

১৬ নভেম্বর রবিবার দুপুরে লালমনিরহাট মিশন মোড় গোলচত্বরে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, যেখানে প্রায় অর্ধ শতাধিক তরুণ জলবায়ু কর্মী অংশ নিয়ে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তরের পক্ষে অবস্থান জানান। রঙিন ব্যানার–প্ল্যাকার্ড হাতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

ব্রাজিলের বেলেমে চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০)-এর সময়েই লালমনিরহাটের এই কর্মসূচি বিশ্বনেতাদের প্রতি দ্রুত, কার্যকর এবং ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের দাবি তোলে। তরুণদের দাবি—বৈশ্বিক জলবায়ু আলোচনায় আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এখনই বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

এতে অংশ নেন লালমনিরহাটের স্থানীয় পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকরা।

সমাবেশে তরুণ জলবায়ু কর্মীরা বলেন—

“জলবায়ু ন্যায়বিচার এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। ভবিষ্যৎ পৃথিবীকে বাসযোগ্য রাখতে ন্যায্য রূপান্তরের বিকল্প নেই। বাংলাদেশ সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হওয়ায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সবুজ ও নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার দেওয়া জরুরি। তরুণদের নেতৃত্বে এই আন্দোলন ভবিষ্যতের জলবায়ু নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

লালমনিরহাটে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ স্ট্রাইক তরুণদের দৃঢ় অবস্থানকে আরও স্পষ্ট করেছে—এখনই চাই ন্যায়সঙ্গত, সবুজ ও টেকসই ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ।

Facebook Comments Box

মন্তব্য করুন