পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সকালবেলা স্কুলগামী শিশু, ভোরের শ্রমজীবী মানুষ আর চা-বাগানের শ্রমিকদের গায়ে এখন দেখা যাচ্ছে হালকা গরম কাপড়ের চাদর ও জ্যাকেট।
ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা। ঘাসে, গাছে আর ফসলের পাতায় জমেছে শিশির। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উজ্জ্বল আলোয় ঝলমলে হয়ে ওঠে আকাশ। তবে সূর্যের উপস্থিতি থাকলেও বাতাসে রয়েছে শীতের হালকা ছোঁয়া।
দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও ভোর ও রাতের ঠান্ডা হাওয়ায় শীতের অনুভূতি স্পষ্টভাবে টের পাচ্ছেন স্থানীয়রা।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, হিমালয় ঘেঁষা জেলা পঞ্চগড়ে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ক্রমাগত কমে আসে। এবারও একই ধারা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘সকাল ৯টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
মন্তব্য করুন