বিপিএল মাতাতে আসছেন আমির-মঈন-মেন্ডিস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে একদম নতুন পরিচয়ে মাঠে নামছে সিলেটের দল। আগের সিলেট স্ট্রাইকার্সএখন রূপ নিচ্ছে সিলেট টাইটান্সে। নতুন মালিকানায় দলটি গড়েছে শক্তিশালী স্কোয়াড, যেখানে দেশি-বিদেশি তারকাদের সমন্বয় দেখা যাবে।
জানা গেছে, পাকিস্তানের সাবেক গতিতারকা মোহাম্মদ আমির খেলবেন সিলেট টাইটান্সের হয়ে। দলের হয়ে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস।
টুর্নামেন্টের মাঝপথে দলে যোগ দেবেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি এবং আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ওমরজাইয়ের এটি হবে বিপিএলে চতুর্থ মৌসুম, আর মঈন ও আমির দুজনই আগেও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
দেশি ক্রিকেটারদের দিক থেকেও বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে সিলেট টাইটান্স। খুলনা টাইগার্সের হয়ে খেলা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ এবার সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন সিলেট দলে।
আগের তিন আসরে ‘সিলেট স্ট্রাইকার্স’ নামে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি এবার মালিকানা নবায়ন না করায়, নতুন করে পাঁচ বছরের জন্য সিলেট অঞ্চলের ফ্র্যাঞ্চাইজির অধিকার পেয়েছে দেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি’।
মন্তব্য করুন