পরীক্ষামূলক
LIVE TV

জাহানারা ইস্যুতে তামিমের শঙ্কা প্রকাশ

জাহানারা আলমের অভিযোগে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। বিশেষ করে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ আনেন।

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই কমিটিকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তামিম বলেন, জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকে মুখ খুলতে শুরু করেছেন, এটা আশাব্যঞ্জক। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এখনো জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়নি।

তামিমের মতে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকেই বিসিবির গুরুত্বপূর্ণ পদে আছেন। তাই বিসিবির গঠিত তদন্ত কমিটিকে ঘিরে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়েছে।

সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের নীরবতায় হতাশ তামিম লেখেন, দেশের ক্রিকেটে এমন আলোড়নের পরও সরকারের নিষ্ক্রিয়তা দুঃখজনক। আমি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবির কেউ থাকবে না। নারী অধিকার ও যৌন হয়রানি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের সেখানে রাখা জরুরি।

তিনি আরও লেখেন, যারা সাহস করে মুখ খুলেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আর যারা এখনো ভয় বা সংকোচে চুপ আছেন, তাদের বলছি ‘ইটস নেভার টু লেট’। আওয়াজ তুলুন, আমরা আছি আপনাদের পাশে।
শেষে তামিম বলেন, বিসিবিতে এখন শোনা যায় ‘ক্রিকেট ফর অল’। আমার মতে, এর আগে দরকার ‘সেফটি ফর অল’। দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থা হিসেবে বিসিবির দায়িত্বও সবচেয়ে বেশি। সব খেলাকেই আমাদের সম্মান করা উচিত। কারণ প্রতিটি খেলাই বাংলাদেশের গর্ব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন