পরীক্ষামূলক
LIVE TV

রাজশাহীতে প্রকৌশলীর অপসারণ ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আওয়ামীপন্থী ঠিকাদারদের যোগসাজশে অনিয়মের মাধ্যমে কাজ দেওয়ার অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঠিকাদার কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে চরম স্বেচ্ছাচারিতা, অধঃস্তন কর্মকর্তাদের হয়রানি, ঠিকাদারদের বিল আটকে রাখা ও উৎকোচ গ্রহণসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে তিনি আওয়ামী লীগপন্থী ঠিকাদারদের কাজ পাইয়ে দিচ্ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি গোপন দরপত্র ফাঁস করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতার প্রতিষ্ঠানের হাতে সাড়ে ১১ কোটি টাকার কাজ তুলে দেন নির্বাহী প্রকৌশলী। পূর্ববর্তী কাজ অসমাপ্ত থাকা সত্ত্বেও নিয়ম ভঙ্গ করে একই প্রতিষ্ঠানের হাতে একযোগে ১০টি কাজ দিয়ে সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছেন তিনি। এসব কাজের মান নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

মানববন্ধনে জানানো হয়, ঠিকাদারদের সময়মতো বিল পরিশোধ না করে এক শতাংশ কমিশন’ আদায় করার কারণে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে এলাকায় এখন মিস্টার ওয়ান পারসেন্ট নামে ডাকা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে রাতের বেলায় অফিস পরিচালনা সরকারি গাড়ির অপব্যবহার, অনৈতিক আর্থিক লেনদেন ও অধঃস্তন কর্মকর্তাদের হয়রানির অভিযোগও ওঠে।

বক্তারা দাবি করেন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের অপসারণ না হলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও রাজশাহী থেকে দ্রুত বদলি করার জোর দাবি জানান।

আন্দোলনকারীরা বিভাগীয় কমিশনারের কাছে প্রকৌশলী হারুনকে দ্রুত রাজশাহী থেকে বদলি এবং তার দুর্নীতির সুষ্ঠ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এসয় মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ঠিকাদার তারেক, ফিরোজ, হিমেল, শাহীন, সজিব, রবিন, শাকিল ও ফরহাদসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অন্যান্য ঠিকাদাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন