পরীক্ষামূলক
LIVE TV

কুড়িগ্রামে ৫৩৭টি পূজা মণ্ডপ, ৩৩টি ঝুঁকিপূর্ণ: নিরাপত্তায় র‍্যাবের বিশেষ ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জেলায় এ বছর মোট ৫৩৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার শ্রী শ্রী দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব–১৩-এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান।

প্রেস ব্রিফিংয়ের আগে তিনি পূজা উদযাপন কমিটির হাতে ফলমূল ও ফুলের প্যাকেজ তুলে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, “আগামীকাল রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জেলার মোট ৫৩৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারি থাকবে। র‍্যাবের ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও মাঠে থাকবেন।”

তিনি জানান, যেকোনো ধরনের গুজব ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণে একটি বিশেষ সাইবার টিম কাজ করছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে র‍্যাবের টহল থাকবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “নিরাপত্তা নিয়ে যদি কোথাও সংকট দেখা দেয়, তাহলে র‍্যাবের জরুরি সেবা নম্বরে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করছি। আমরা চাই, সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করুন।”

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিরাপত্তা ব্যবস্থা ও র‍্যাবের উদ্যোগকে স্বাগত জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন