জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী
সৌদি আরবের জেদ্দায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন ও প্রদর্শনী। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠান চলবে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “মক্কা থেকে বিশ্বে”।
হজ ব্যবস্থাপনা ও সেবাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগকে সৌদি ভিশন ২০৩০–এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম–এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
গত বছরের চতুর্থ আসরে ১৩৭টি দেশের ২২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১ লাখ ২০ হাজার দর্শনার্থী এবং অনুষ্ঠিত হয় ৬৭০টির বেশি সমঝোতা চুক্তি।
এবারের সম্মেলনে থাকছে ৮০টিরও বেশি সেশন ও ৬০টি বিশেষ কর্মশালা। এতে গবেষক, শিক্ষাবিদ, কূটনৈতিক প্রতিনিধি, হজ-সংক্রান্ত সেবা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণার্থীরা অংশ নেবেন।
কিং আবদুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) আয়োজিত ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস’ ফোরামে হজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরা হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হজের অভিজ্ঞতা সংরক্ষণ ও উপস্থাপনের নতুন পদ্ধতিও প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে অংশ নেবে ভ্রমণ, পরিবহন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, খাদ্য সরবরাহ, আতিথেয়তা, প্রযুক্তি, বীমা, ভিড় ব্যবস্থাপনা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। পাশাপাশি অলাভজনক সংস্থাগুলো হজ সেবার মানোন্নয়ন ও টেকসই উদ্যোগ উপস্থাপন করবে।
৫২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সাজানো এই প্রদর্শনীতে থাকছে ২৬০টিরও বেশি প্রতিষ্ঠান। থাকবে বিশেষ ইনোভেশন জোন, যেখানে ১৫টি স্টার্টআপ ও উদ্যোক্তা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে হজ সেবার নতুন সমাধান তৈরির প্রতিযোগিতায় অংশ নেবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এটি বিশ্বের একমাত্র আন্তর্জাতিক বিশেষায়িত প্ল্যাটফর্ম, যা হজ ব্যবস্থাপনার উন্নয়ন, উদ্ভাবন এবং সরকারি-বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন