পরীক্ষামূলক
LIVE TV

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, বরং দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছে।”

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও যোগ করেন, “যাদের সদ্য জন্ম হয়েছে কিংবা যারা দেশের স্বাধীনতা নিয়ে ভিন্ন মত পোষণ করত, তারাও আজ আমাদের সমালোচনা করছে।”

মির্জা ফখরুল দৃঢ়ভাবে জানান, বিএনপি কোনোদিন মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি দলের নেতা-কর্মীদের ভয় না পেতে পরামর্শ দিয়ে বলেন, “সেনাপ্রধান জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ও ধারাবাহিকতায় তারেক রহমানই বাংলাদেশকে পুনর্নির্মাণ করবেন।”

তিনি অভিযোগ করেন যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। তিনি দাবি করেন, “বাংলাদেশের যত ভালো কাজ ও উন্নয়ন হয়েছে, তার সবকিছুর সূত্রপাত বিএনপির সময়েই হয়েছে।”

তাঁর বক্তব্যে তিনি ফিনিক্স পাখির উপমা দিয়ে বলেন, “বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। যারা গুম-খুনের মাধ্যমে দলটিকে ভাঙতে চেয়েছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে।”

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর বিরতির পর কিশোরগঞ্জ জেলা বিএNপির এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন